বিলবোর্ড দখল করে মিথ্যাচার করছে সরকার

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:৫১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেছেন, আইনের তোয়াক্কা না করে সারাদেশে বাণিজ্যিক বিলবোর্ডের মাধ্যমে মিথ্যাচার করছে সরকার ও আওয়ামী লীগ। তবে ভাড়া না দিয়ে দখল করা এ বিলবোর্ডে ভোট আসবে না। বিলবোর্ড তৈরি ও টানানোতে যে ৬০ কোটি টাকা খরচ হয়েছে তা কোথা থেকে এসেছে জনগণকে জানানোর জন্য তিনি সরকারকে অনুরোধ করেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। তিনি বলেন, শেষ মুহূর্তে সরকার অস্ত্র হিসেবে বিলবোর্ড দখল করেছে। সরকারের অর্থনৈতিক সমীক্ষায় শিক্ষার হার ৫৯.৯ শতাংশ হলেও বিলবোর্ডে মিথ্যাচার করে ৬৫ শতাংশ দেখানো হয়েছে। দ্রব্যমূল্যের কোনো বিলবোর্ড চোখে পড়েনি। কারণ, দ্রব্যমূল্য দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। সার নিয়ে বিলবোর্ডে মিথ্যাচার করা হয়েছে। সরকার বলছে- দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। অথচ গত অর্থবছরেও সরকার ৪২ লাখ মেট্রিক টন খাদ্য আমদানি করেছে। তিনি বলেন, খবরের কাগজে দেখেছি-আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী-এমপি জনরোষের ভয়ে ঈদে এলাকায় যাবেন না। সাবেক এই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গণতন্ত্র ধ্বংসে কোটি কোটি টাকা খরচ করেছেন। গণতন্ত্র ধ্বংসে প্রধানমন্ত্রী নোবেল পেলে আমরা খুশি হতাম। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গণতন্ত্র ধ্বংসে ১০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। সেই অবসরপ্রাপ্ত বিচারপতিকে আইন না মেনে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার’ বন্ধের দাবিতে আয়োজিত এই যুব সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেষ অস্ত্র ও কোরামিন হিসেবে জয়কে নিয়ে এসেছেন। কোনো কোরামিনে লাভ হবে না। তিনি বলেন, বিলবোর্ডে আইনের শাসনের কথা বলা হয়েছে, তবে বিলবোর্ড দখলও বেআইনি। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।