র্যাব ও পুলিশের অভিযানে স্বস্তিতে নেই ফেনসিডিল ব্যবসায়ীরা। ধরা পড়ছে একের পর এক চালান। আর সেই ক্ষতি পুষিয়ে নিতেই বিভিন্ন কৌশলে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল পাঠানো হচ্ছে ঢাকায়। টার্গেট ঈদবাজার ধরা। ঈদ বাজারে মাদক কম। তাই বাজার চড়া। আগে যেখানে এক বোতল ফেনসিডিল ৪ থেকে ৫’শ টাকায় বিক্রি হত, সেটি এখন ৮শ’ থেকে এক হাজার ঢাকায় বিক্রি হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী এই তথ্য দেন। গ্রেফতারকৃতরা হচ্ছে ঝন্টু, শেখ আল ফয়সাল ও মঞ্জুরুল আলম। গোয়েন্দা পুলিশ সোমবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ৩৪শ’ বোতল ফেনসিডিল। এছাড়া গোয়েন্দা পুলিশের অপর একটি টিম শাহবাগ এলাকা থেকে ১৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। গোয়েন্দারা গতকাল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত ঝন্টু, ফয়সাল ও মঞ্জুরুল যশোর সীমান্ত এলাকা থেকে ৩৪শ’ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসে। আর ফেনসিডিল যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছে এ জন্য আরও একটি প্রাইভেটকার ছিল তাদের সামনে। কিন্তু ফেনসিডিলসহ প্রাইভেটকারটি আটক করার পর ফলোকারটি পালিয়ে যায়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, ঈদকে সামনে রেখে তারা গত কয়েকদিনে ফেনসিডিলের ৪টি চালান ঢাকায় এনেছে। গ্রেফতারকৃত ঝন্টু ও ফয়সালের বাড়ি নড়াইলে। আর মঞ্জুরুল আলমের বাড়ি গাজীপুর। তারা তিন জনই ফেনসিডিলের ক্যারিয়ার। মোটা অংকের টাকায় বিনিময় তারা ফেনসিডিল বহন করে থাকে। অপরদিকে গ্রেফতারকৃত জসিম জানিয়েছে, সে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
