স্বরূপকাঠীতে কৃষক লীগ নেতার উপর হামলার বিচার দাবি

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:৫৩
স্বরূপকাঠী পৌর আওয়ামী লীগের ইফতার পার্টিতে উপজেলা চেয়ারম্যানের হামলায় কৃষকলীগ নেতা আশিস বড়াল আহত হওয়ার ঘটনায় সামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট হওয়ার আশংকা করছেন হিন্দু সমপ্রদায়ের নেতারা। ঐ হামলার বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট। স্থানীয়ভাবে হিন্দু সমপ্রদায় ও জলাবাড়ী এলাকার বাসিন্দারা লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচারের দাবি জানিয়েছেন। গত ২৭ জুলাই স্বরূপকাঠী পৌর আওয়ামী লীগের ইফতার পার্টিতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন আশিস বড়াল। বর্তমানে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আশিস বড়াল ইত্তেফাককে জানান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দু’জন সংসদ সদস্যের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ দলবল নিয়ে তার উপরে হামলা চালান। জলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এ হামলায় উপজেলা চেয়ারম্যানের ভাই ঐ ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদসহ তাদের অনুগতরা উপস্থিত ছিলেন বলে আশিস বড়াল অভিযোগ করেন। তিনি জানান, এর আগে কুড়িয়ানার ইউপি চেয়ারম্যান শেখর সিকদারকে গালিগালাজ করেন উপজেলা চেয়ারম্যান মুহিদ। আশিস বড়ালের উপর হামলার প্রতিবাদে গত ১ আগস্ট নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট। এর আগে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ নির্মল সেন। বক্তৃতা করেন, যুগ্ম সম্পাদক সুমন হালদার আশিষ, এডভোকেট গৌতম দাস, এডভোকেট মিল্টন দাস, এডভোকেট অসীম বাড়ৈ, পরিমল সমদ্দার, এডভোকেট মিজানুর রহমান মিজান, এডভোকেট মুস্তাফিজুর রহমান বাবু ও এডভোকেট দীপক দত্ত প্রমুখ।