জেরক্স কপিয়ারে নম্বর নিয়ে গণ্ডগোল

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ১৯:৫৪
বিশ্বব্যাপী প্রিন্টার এবং ফটোকপিয়ার হিসেবে অন্যতম শীর্ষস্থানেই রয়েছে জেরক্স। তবে এবারে জেরক্সের কিছু কপিয়ারে ডক্যুমেন্টের নম্বরিং নিয়ে গোলমালের খবর জানিয়েছেন জার্মানির একজন বিজ্ঞানী। ডেভিড ক্রিসেল নামের এই বিজ্ঞানী জানিয়েছেন, তিনি একটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। পরবর্তী সময়ে এটি জেরক্সের একটি কপিয়ারে কপি করলে কপিগুলোতে তার ডিজাইন করা রুমের আকারের সংখ্যাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। ক্রিসেলের পর আরও কয়েকজন একই অভিযোগ জানিয়েছে। ক্রিসেল জানিয়েছেন, তার জেরক্স কপিয়ারে কপি করতে গেলে অনেক সময়েই ‘৬’ পরিবর্তন হয়ে ‘৮’ হয়ে যায় এবং এর বিপরীত ঘটনাও ঘটে। এর বাইরেও তার নকশায় একটি রুমের আকার ধরা হয়েছিল ২১.১১ মিটার। কপি করার পর সেটি হয়ে গেছে ১৪.১৩ মিটার। ধারণা করা হচ্ছে, কিছু কিছু জেরক্স মডেলে কপির সময়ে সংকোচনের যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, তার কারণেই এই গণ্ডগোলের উত্পত্তি। এখনও পর্যন্ত অবশ্য এই সমস্যার কোনো সমাধান জানায়নি জেরক্স। তবে বিসিসিকে তারা জানিয়েছে, খুব শীঘ্রই এটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে তারা।