শাহজাদপুরে ঈদের হাটে শত কোটি টাকার তাঁত পণ্য বিক্রি

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৪৮
গত রবিবার উত্তরবঙ্গের সর্ববৃহত্ শাহজাদপুরের তাঁতের শাড়ি কাপড়ের হাটে ঈদের শেষ বেচাকেনায় ১শ’ কোটি টাকার তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, ওড়না ও তাঁত পণ্য বিক্রি হয়েছে। এছাড়া এ হাটে প্রিন্ট শাড়ি, জর্জেট শাড়ি, সিল্ক শাড়ি, বাটিক, বুটিকের কাজ করা শাড়ি, স্ক্রীন প্রিন্ট শাড়ি, থ্রিপিস বিক্রি হয়েছে আরো প্রায় ৫ কোটি টাকার। এ হাটে দেশের প্রায় অধিকাংশ জেলা উপজেলা থেকে পাইকাররা এসে ভিড় জমায়। ফলে শাহজাদপুরের শতাধিক কাপড়ের আড়ত্, আবাসিক হোটেল, বোর্ডিংগুলোতে এদিন তিল ধারণের জায়গা ছিল না। এছাড়া ভারত থেকে অসংখ্য ক্রেতা এসে তাদের পছন্দের তাঁতের শাড়ি, লুঙ্গি ক্রয় করায় অতীতের সব হাটের চেয়ে এদিন বেচা-বিক্রি বেশি হয়েছে। রমজানের ঈদকে সামনে রেখে শাহজাদপুর কাপড়ের হাট শনিবার সকাল থেকে শুরু হয়ে একটানা রবিবার গভীর রাত পর্যন্ত বেচা-বিক্রি চলেছে। এ হাটে বিপুল সংখ্যক পাইকারের আগমন ঘটায় এদিন তাঁতের শাড়ি কাপড়, লুঙ্গি ও গামছার চাহিদা বৃদ্ধি পাওয়ায় জোড়া প্রতি ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পায়। বেচা-বিক্রি ভাল হওয়ায় তাঁতীরা বেজায় খুশি হয়েছে। ফলে এ বছর ঈদে তাঁতীদের ঈদ আনন্দ অন্য বছরের চেয়ে একটু বেশি ভাল হবে বলে তাঁতীরা মনে করছেন।