শিবালয় উপজেলার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ও প্রধান শিক্ষকের চাকরির মেয়াদ নিয়ে চরম জটিলতা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেনের পুত্র মোখলেসুর রহমান সেলিম দীর্ঘদিন যাবত্ ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও সভাপতি পদে রয়েছেন। এ বছরের ১৪ মে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সভাপতি পদে মোখলেসুর রহমানের পরিবর্তে তার ভাই মতিউর রহমানকে অনুমোদন দিয়েছেন।
গত ২৩ জুলাই বিদ্যালয় উপ-পরিদর্শক স্বাক্ষরিত অপর পত্রে নতুন সভাপতি নির্বাচনের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন। শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা ৪৮ ঘণ্টার নোটিসে গত ৩ আগস্ট সভাপতি পুনঃনির্বাচনের তারিখ নির্ধারণ করেন। এতে ১১ সদস্যের ম্যানেজিং কমিটির ৮ জন সময় পরিবর্তনের লিখিত আবেদন করলেও তিনি তা বিবেচনা করেননি। আবেদন কারীরা জানিয়েছেন, শিক্ষা কর্মর্তার ধার্য তারিখে ৩ জন সদস্য উপস্থিত হলেও আরো কয়েক জন সদস্যের স্বাক্ষর করিয়ে এন সংখ্যা গরিষ্ঠতা দেখানো হয়েছে। উপস্থিত ৩ সদস্য মতিউর রহমানকে সভাপতি নির্বাচন করে ব্যাংক হিসাব পরিচালনার চেষ্টা চালাচ্ছেন। নিয়ম আছে বোর্ডের অনুমোদন না হওয়া পর্যন্ত সভাপতির স্বাক্ষর অবৈধ।
অগ্রণী ব্যাংক আরিচাঘাট শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিদ্যালয়ের প্রস্তাবিত সভাপতির স্বাক্ষরে হিসাব পরিচালনার কথা বলেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, সবকিছু নিয়মানুযায়ী হচ্ছে।
অপরদিকে, গত ৬ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র নাথের চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি প্রধান শিক্ষকের কাজ চালিয়ে যাচ্ছেন।
