নরসিংদী চৌয়ালায় পাওয়ার লুম ফ্যাক্টরীর শ্রমিকদের ঈদে নির্ধারিত বোনাসের চাইতে ৫শত টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করে বোনাস দিচ্ছে মালিক পক্ষ। ঈদের পর আবার আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক দুই ঈদের জন্য বরাদ্দ ৪ হাজার টাকা বোনাস বাস্তবায়নের দাবিতে আন্দোলন করা হবে বলে জানিয়েছে শ্রমিক নেতারা। ঈদের ছুটির কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ রয়েছে। পাওয়ার লুম মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু আলী খান জানান, সদর এমপির চাপিয়ে দেয়া ডাবল বোনাস আমাদের মালিক পক্ষ মেনে নেয়নি। আমরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আমমেদ রাজু এবং জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের সাথে পুনরায় আলোচনা করে বছরে একটি ঈদ বোনাস হিসেবে পূর্বের চাইতে ৫ শত টাকা বাড়িয়ে ২ হাজার দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
অপরদিকে শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম জানান, মালিক পক্ষ দূর-দূরান্ত থেকে আগত শ্রমিকদের ভুল বুঝিয়ে পূর্ব নির্ধারিত দেড় হাজার টাকা এবং কোন মালিক দুই হাজার টাকা করে বোনাস এবং একটি লুঙ্গি দিয়ে বিদায় করছে। ঈদের পর আমরা পুনরায় আন্দোলনে নামব আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য।
