ডোমারের চামুয়ার বিলের দখল নিয়ে মুখোমুখি অবস্থানে দুই দল জেলে সমপ্রদায়। তাদের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। গত কয়েকদিন ধরে এ পরিস্থিতি চলছে। ডোমারের ইউএনও শফিউর রহমান বলেন, সংঘর্ষ রোধে ওই বিলে মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোনারায় ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, বিলটি ইজারার দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রদাতা না থাকায় গত বছর প্রশাসনের তত্ত্বাবধানে বিনোদ এবং পরেশকে কাজে লাগিয়ে বিলে মাছ চাষ করে ৩০ হাজার টাকা খাস আদায় করা হয়েছে। এবারও দরপত্রদাতা না থাকায় একই নিয়মে ওই দুই ব্যক্তিকে কাজে লাগানো হয়েছে। মনোরঞ্জনসহ অন্যরা বলছেন মত্স্য সপ্তাহ চলা কালে এমপি বিলে মাছ ছেড়ে বিল টি মাছ চাষ করার জন্য তাদের দিয়েছেন।
অপর পক্ষ বিনোদ দাশ ও পরেশ দাশ বলেন, গত বছর খাস খাজনা পরিশোধ করে আমরা মাছ চাষ করেছি। এবারও কোন লিজ গ্রহীতা না থাকায় আমরা প্রশাসনের নির্দেশে বিলে মাছ ছেড়েছি। এ ব্যাপারে নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য (জাপা) জাফর ইকবাল সিদ্দিকী বলেন, আমি সেখানে কোন পক্ষের হয়ে মাছ ছাড়তে যাইনি। সরকারি কর্মসূচির অংশ হিসাবে সেখানে মত্স্যপোনা অবমুক্ত করেছিলাম।
