গত মাসের শেষ সপ্তাহের প্লাবনে ভোলা জেলার নদী পাড় থেকে তিন চার কিলোমিটার অভ্যন্তর ভাগে প্রতিটি বাড়ির পুকুর তলিয়ে গেলে সব মাছ ভেসে যায়। এই মাছের বাজার মূল্য ছিল দশ কোটি টাকারও বেশি। ভোলা মত্স্য বিভাগের সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, জেলায় পুকুরের মোট সংখ্যা ৫৭ হাজার ৫৪৩টি এর মধ্যে প্লাবনে ভেসে গেছে ১২ হাজার ৭৯৫টি পুকুরের সমুদয় মাছ। এই বিপুল পরিমাণ মত্স্যরাজির অধিকাংশই ছিল রুই, কাতলা ও মৃগেল। খুববেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হলো ভোলা সদর, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন। ক্ষতিগ্রস্ত পুকুর মালিকরা এখন অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। জেলা মত্স্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, উপজেলা মত্স্য কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে এই তথ্য জানা গেছে। তবে আরো বিস্তারিত জানা গেলে ক্ষতির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
