আটোয়ারীতে স্ত্রীর হাতে স্বামী খুন

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫৫
এ যুগের রহিম-রুপবানের পরকীয়া টানে আটোয়ারীর পল্লীতে জীবন দিতে হলো পঞ্চাষোর্ধ এক বৃদ্ধকে। গত সোমবার রাতে উপজেলার বালাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে নির্মম এই ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া গ্রামের মৃত তুরাবদ্দীনের পুত্র ভ্যানচালক নাজির উদ্দীন (৫৮) তার ২য় স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হয়। জানা যায়, একই গ্রামের আঃ রহমান ওরফে বুধু’র পুত্র সম্পর্কে নাতী কুদ্দুস আলী’র (৩০) সাথে দীর্ঘদিন হতে নানী মাজেদার পরকীয়া চলছিল। ওই ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ প্রতিবেশীরা জানান, নানী-নাতীর অবাধ মেলামেশায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠে। এজন্য স্থানীয়ভাবে কয়েকদফা সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। এতে উভয়ের অবাধ মেলামেশা কিছুটা বাধাগ্রস্ত হয়। প্রতিবেশীদের অভিযোগ, পরকীয়ার বাধা দূর করতেই প্রেমিক যুগল পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ডটি ঘটায়। এ ব্যাপারে নিহতের ২য় স্ত্রী মাজেদা জানান, ঘটনার রাতে তার স্বামী বাজার থেকে ফিরে বুকে ব্যথার কথা জানায়। আমি তার বুকে তেল দিয়ে মালিশ করেছি। এক সময় দেখি সে আর কথা বলে না। এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাব হোসেন জানান, লাশটির সুরতহাল রিপোর্ট দেখে আমার মনে হয়েছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। তদন্তের স্বার্থে মাজেদাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।