সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫৬
ময়মনসিংহে ঈদ সামগ্রী বিতরণ ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে নগদ টাকাসহ জনপ্রতি আড়াই হাজার করে ১৩০ জনকে ঈদ সামগ্রী বিতরণ করেছে। গতকাল বুধবার ময়মনসিংহ কমার্স কলেজ মিলনায়তনে বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া এ ঈদ সামগ্রী বিতরণ করেন। ধামরাইয়ে সেবামূলক দুগ্ধ খামার ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ এলাকার বয়স্ক, শিশু ও রোগীদের স্বাস্থ্য রক্ষা ও পুষ্টি সাধনের কথা চিন্তা করে দি একমি ল্যাবঃ লিঃ-এর নির্বাহী পরিচালক মোঃ হাসিবুর রহমান কাশেম ঢাকার অদূরে ধামরাই উপজেলা সদরে প্রতিষ্ঠিত করেছেন ‘ধামরাই ডেইরী’ নামে একটি অলাভজনক সেবামূলক দুগ্ধ খামার। গুণগত মান ও উপাদানের দিক থেকে এ খামারের দুধে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। উন্নত পুষ্টিমান ও উত্তম উপাদেয় দুধ বয়স্ক, শিশু ও রোগীদের জন্য সহজলভ্য করে জাপানী প্রযুক্তিতে দুগ্ধ উত্পাদন করে আসছেন এ খামারে। গাংনীতে মোটর সাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ গাংনীতে মোটরসাইকেল ও অবৈধ যানবাহন আল-গামনের মুখোমুখী সংঘর্ষে হাবিবুর রহমান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়েছে। সে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আজগর আলী বিশ্বাসের ছেলে। মঙ্গলবার হাবিবুর মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গাংনী শহরের দিকে আসতে পশ্চিম মালসাদহ জামে মসজিদের কাছে পৌঁছায়। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি আল-গামন নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখী ধাক্কা দেয়। কাশিয়ানীতে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উদ্যোগে কাশিয়ানী উপজেলার ১৪ হাজার দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ পর্যায়ক্রমে গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। গত সোমবার কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ রউপ মোল্যা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, কাশিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, আঃ লীগ নেতা আনোয়ার হোসেন আনু প্রমুখ। গোবিন্দগঞ্জে মিডিয়াকর্মীদের সৌজন্যে ইফতার গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম আয়োজনে মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রামে মুসলিম এইডের ইফতার মাহফিল চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রামে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মঙ্গলবার এনজিও সংস্থা ‘মুসলিম এইডে’র উদ্যোগে ইফতার মাহফিল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংস্থার শ্রীপুর ইউনিয়নের পদুয়া শাখা ব্যবস্থাপক হযরত আলী বাদশার সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানা মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। পঞ্চগড়ে যুব জাগপার কমিটি গঠন পঞ্চগড় প্রতিনিধি \ খোদা বকসকে সভাপতি, ইসলামুল হককে সাধারণ সম্পাদক ও সালাহ উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পঞ্চগড় সদর উপজেলা যুব জাগপার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার শহরের বকুলতলা জেলা জাগপা কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে এই কমিটি ঘোষণা করা হয়। জেলা জাগপার সদস্য সচিব মফিজুল ইসলাম মফির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুব জাগপার আহবায়ক শাহরিয়ার বিপ্লব, সদস্য আতিকুর রহমান জুয়েল। তালায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ তালায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক মোঃ আক্তারুল ইসলাম (২৭) কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল। গতকাল বুধবার খুলনা সার্জিক্যাল ক্লিনিকে তার মৃত্যু হয়। সে তালা উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত আব্দুল ওহাব মোড়লের পুত্র। বান্দরবানে গরীবদের মাঝে ভিজিএফ চাল বিতরণ বান্দরবান প্রতিনিধি \ বান্দরবানে গরীব-দুস্থদের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পৌরসভা উদ্যোগে পৌরসভার নয়টি ওয়ার্ডে ঈদকে সামনে রেখে গরীব-দুস্থ লোকজনের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, পৌর কাউন্সিলর মোহাম্মদ আবুসহ অন্য পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সুন্দরগঞ্জে দুঃস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার বাগানের ঘাটে নাহিদ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আলহাজ্ব আজিজুল হকের উদ্যোগে গত মঙ্গলবার দুঃস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি এবং স্কুল ড্রেস, পাজামা-পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা, সুপার আঃ সামাদ, আঃ খালেক, মুসলিম আলী ও গওছল আলম এসময় উপস্থিত ছিলেন। কচুয়ায় ইনার হুইল ক্লাবের অর্থ ও রিকশা বিতরণ কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ গত মঙ্গলবার কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে ইনার হুইল ক্লাব অব ঢাকা ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮, বাংলাদেশ আশ্রয়ঃ রানিং প্রজেক্টের পক্ষ হতে দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও রিকশা বিতরণ করা হয়। ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮ ক্লাব অব ঢাকা এর সেক্রেটারী ও কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মত্ ছালমা সহিদসহ এ সময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহীদ দর্জি উপস্থিত ছিলেন। গোমস্তাপুরে ভাতিজিকে হত্যার অভিযোগে ফুপা আটক গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভাতিজি হত্যায় জড়িত সন্দেহে ফুপাকে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার বাঙ্গবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামে। এব্যাপারে গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, ওই ইউনিয়নের জনৈক গ্রাম পুলিশ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে পরিবারের লোকজন পলাতক রয়েছে। বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া বরিশাল অফিস \ বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয় গত মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার ও জেলা পরিষদের প্রধান নির্বাচনী কর্মকর্তা মকবুল হোসেন। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট মানবেন্দ্র বটব্যাল। সভাশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দিরাইয়ে ঈদ বস্ত্র বিতরণ দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ঈদ-উল ফিতর উপলক্ষে দিরাইয়ে দুঃস্থদের মাঝে রাগীব আলী কর্তৃক বস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দিরাই ডিগ্রী কলেজের রাগীব রাবেয়া ভবনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক বিমান চন্দ্র চৌধুরী প্রমুখ। দেবীগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা\ দেবীগঞ্জ এসবি কোল্ড স্টোরেজের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন স্টোরের ৩০ জন লেবারদের মধ্যে জনপ্রতি ৪শ’ টাকার করে ঈদ সামগ্রী গত মঙ্গলবার বিতরণ করেছেন। এ সময় এসবি ক্লোড স্টোরের পরিচালক-১ আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। নাচোলে দুঃস্থদের মাঝে পুষ্পপল্লীর বস্ত্র বিতরণ নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা\ নাচোলে পুষ্পপল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত ৬ আগস্ট পুষ্পপল্লী উন্নয়ন সংস্থার মল্লিকপুর শাখার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুষ্পপল্লী উন্নয়ন সংস্থার পরিচালক আবুল কাশেম, ইউপি সদস্য মনিরুল ইসলাম ও ডা. মনিরুল ইসলাম প্রমুখ। কাঠালিয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপহার কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ টাকা, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ সভাকক্ষে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সামসুল হক মৃধা, ডেপুটি কমান্ডার মহিউদ্দিন তালুকদার প্রমুখ। সাঘাটায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ সাঘাটা(গাইবান্ধা) সংবাদদাতা \ আসন্ন ঈদ উপলক্ষে গত মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ৬নং ঘুড়িদহ ইউ.পি চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা নিজ উদ্যোগে ১০টি ইউনিয়নের দুঃস্থ ও নেতাকর্মীদের মাঝে ৪ হাজার পিস পাঞ্জাবী, শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। মনোহরগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গত মঙ্গলবার কুমিল্লার মনোহরগঞ্জে সায়েরা সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরীব অসহায় ও এতিমদের মাঝে পাঞ্জাবি, সেমাই ও চিনি বিতরণ করেন ফাউন্ডেশন সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এ.টি.এম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রামুতে পল্লী সমাজের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রামু (কক্সবাজার) সংবাদদাতা\ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লামারপাড়া ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) পল্লী সমাজ মহিলা সংস্থার সভানেত্রী আমিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা সাজেদা বেগমের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন প্রমুখ। কক্সবাজারে শিশুর ধর্ষক গ্রেফতার কক্সবাজার প্রতিনিধি\ কক্সবাজারে সাড়ে পাঁচ বছরের এক কন্যাশিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রূপন দে নামের এক সংখ্যালঘু যুবককে গ্রেফতার করেছে। জানা যায়, কক্সবাজার শহরের এন্ডারসন রোডের রিয়াজউদ্দিন গত মঙ্গলবার বিকালে তার কন্যাকে পান আনতে বাড়ির নিচে পাঠালে দোকান কর্মচারী রূপন দে ওই শিশুকে ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। বাগেরহাটে দুঃস্থদের মাঝে চাল বিতরণ বাগেরহাট প্রতিনিধি\ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের গরীব ও দুস্থ পরিবারের মাঝে সরকারের ভ্যারনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর চাল বিতরণ শুরু হয়েছে। জেলার নয়টি উপজেলা ও তিনটি পৌরসভায় প্রায় তিনশ’ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে দশ কেজি করে চাল দেয়া হচ্ছে। গত মঙ্গলবার বাগেরহাট পৌরসভার চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী। ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপহার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বশিরউল্লাহ জরু প্রমুখ। কচুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদবস্ত্র বিতরণ কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা\ গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ মাঠে গরীব-দুঃস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেছেন। একইদিন স্বরাষ্ট্রমন্ত্রী কচুয়া উপজেলার সিলাস্থান দাখিল মাদ্রাসা ও নিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ এবং নিন্দপুর ঈদগাহ মিনারের উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন- কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমন প্রমুখ। ফরিদগঞ্জে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা\ জেলা আওয়ামী লীগের সভাপতি ড.মোহাম্মদ শামছুল হক ভুঁইয়ার উদ্যোগে ফরিদগঞ্জের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৮ হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপহার বিতরণের প্রথমদিনে ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার প্রমুখ। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জে বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবল আফসার আলী (৩০) সিলেট পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কনস্টেবল আফসার আলী মোটরসাইকেলে এক সঙ্গীসহ শ্রীমঙ্গল যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই আফসার আলী মারা যান এবং তার সঙ্গী আহত হন। নেত্রকোনায় ঈদ সামগ্রী বিতরণ নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার বেসরকারি সংগঠন এআরএফবির উদ্যোগে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারে সংগঠনের কার্যালয়ে ৫০জন উদ্যোগী মহিলার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের চেযারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডিসি (রাজস্ব) ইউসুফ আলী। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান আতাউর রহমান মানিক প্রমুখ। নেত্রকোনায় ২২ মহিলার মাঝে সেলাই মেশিন প্রদান নেত্রকোনা ও বারহাট্টা উপজেলার দুস্থ ২২ জন মহিলার মাঝে আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানের জন্য ২২টি সেলাই মেশিন প্রদান করা হয়। গতকাল বুধবার নেত্রকোনা সার্কিট হাউজে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান প্রমুখ। বাঞ্ছারামপুরে অটোরিকশা উল্টে নিহত ১ বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী গ্রামের জানু বেগম (৬২) গত মঙ্গলবার বাড়ি থেকে ছয়ফুল্লাকান্দি গ্রামে যাওয়ার সময় অটোরিক্সা উল্টে গিয়ে গুরুতর আহত হয়। রুপসদী মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আড়াইহাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত বুধবার আড়াইহাজারের চৈতনকান্দা মাদ্রাসা মাঠে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ। দুর্গাপুর আওয়ামী লীগের আলোচনা সভা দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে দুর্গাপুর অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে গত মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি উসমান গনী তালুকদারের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকজ্ঞি, ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত্ বাবুল প্রমুখ।