অ্যাম্বুলেন্স শিপ যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরে

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:০৬
বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার নাবিকদের দ্রুত উদ্ধার করে চিকিত্সা সেবা দেয়ার লক্ষ্যে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্স শিপ সংগ্রহ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সার্চ অ্যান্ড রেসকিউ কাম অ্যাম্বুলেন্স শিপ নামে আয়ারল্যান্ডে তৈরি এ জাহাজটি আগামী ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। সংগৃহীত জাহাজটি বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে বন্দর সূত্রে জানা গেছে। এতদিন সাগরে বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে লাইটারিং করার সময় দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স শিপের অভাবে উদ্ধার কাজে বিঘ্ন ঘটতো। এ শিপ যুক্ত হওয়ায় এ ধরনের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন ইত্তেফাককে বলেন, বঙ্গোপসাগরে প্রায়ই দেশি-বিদেশি জাহাজের নাবিকরা দুর্ঘটনা বা অন্যান্য কারণে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনা কবলিত নাবিকদের উদ্ধার করা খুবই কঠিন কাজ। এসব সমস্যা দূর করতেই অ্যাম্বুলেন্সটি সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, গত বছর ১ বিদেশি নাবিককে জলদস্যুরা ছুরিকাঘাত করেছিল। সাগর উত্তাল থাকায় ওই নাবিককে ৬ ঘন্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। অ্যাম্বুলেন্স শিপ যুক্ত হওয়ায় এ ধরনের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক কমে আসবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরে এ ধরনের অ্যাম্বুলেন্স জাহাজ যুক্ত হওয়ার ফলে ২০১৫ সালের মধ্যে ইন্টারন্যাশনাল শিপ পোর্ট সিকিউরিটি (আইএসপিএস) শর্ত পূরণের পাশাপাশি বন্দরের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। বন্দর সূত্রে জানা যায়, সেফ হেভেন মেরিন নামে আয়ারল্যান্ডের একটি প্রতিষ্ঠান ১৮ মিটার দীর্ঘ এবং দশমিক ৭ মিটার ড্রাফটের অ্যাম্বুলেন্স শিপটি নির্মাণ করেছে। জাহাজটির গতি ঘন্টায় ৩৩ নটিক্যাল মাইল। এটি তৈরিতে খরচ পড়েছে ১৪ কোটি ৬৯ লক্ষ টাকা। কাস্টমস শুল্ক, ভ্যাটসহ অন্যান্য খাতে খরচ পড়বে আরো ৯ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকা। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ক্যাটাগরি ‘বি’ ডিজাইনে তৈরি জাহাজটিতে রোগীর জন্য ২টি শয্যাসহ চিকিত্সক ও সেবিকা সমন্বয়ে ৪ জনের একটি টিম থাকবে। এতে আছে জরুরি চিকিত্সা সরঞ্জাম রাখার ব্যবস্থা। এছাড়াও থাকবে রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, রাডার, সার্চ লাইটসহ আধুনিক জাহাজের সব সুযোগ-সুবিধা।