সিলেটে বাল্যবিয়ে থেকে নিজেকে রক্ষা করলো ব্রিটিশ কিশোরী

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:০৬
সিলেটে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী ফাতেমা বিবি (১৭) বাল্য বিয়ে থেকে নিজেকে রক্ষা করেছে। তার অমতে পরিবারের লোকজন তাকে বিয়ে দিতে চেয়েছিলেন। এজন্য গৃহবন্দি করে রেখে তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। এই অবস্থায় ফাতেমা র্যাব-৯ এর অধিনায়কের মোবাইলে একাধিক এসএমএস পাঠিয়ে তাকে উদ্ধারের আকুতি জানান। গত সোমবার রাতে র্যাব তাকে উদ্ধার করে সিলেটস্থ ব্রিটিশ কনস্যুলার অফিসে হস্তান্তর করেছে। র্যাব জানায়, ফাতেমাকে তার মাসহ পরিবারের লোকজন সিলেট শহরতলীর মেজরটিলার প্যারাগন আবাসিক এলাকার একটি বাসায় আটকে রেখে বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছিল। ফাতেমা এসএমএসের মাধ্যমে বিষয়টি র্যাবকে জানায়। র্যাব বিষয়টি সিলেটস্থ ব্রিটিশ কনস্যুলার অফিসকে অবহিত করে। পরে ব্রিটিশ এ্যাম্বেসি কিশোরীকে উদ্ধারের জন্য একটি টিম প্রেরণ করে। এ টিম নিয়ে র্যাব সোমবার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে ফাতেমাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে ব্রিটিশ এ্যাম্বেসির হেফাজতে নেয়া হয়েছে। তাকে দ্রুত ব্রিটেনে পাঠানো হবে বলে কনস্যুলার অফিস সূত্র জানায়।