বরিশাল মহানগর আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত নেতা-কর্মী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তৃতায় সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। তিনি দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতা-কর্মীদের আহবান জানান। শওকত হোসেন হিরন বলেন, নির্বাচনের সময় যেসব নেতা-কর্মী মোনাফেকি করেছেন আল্লাহ যেন মাহে রমজান মাস উপলক্ষে তাদের হেদায়েত করেন। তিনি বলেন, প্রতিপক্ষের চেয়ে দলের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোনাফেকরা বেশি ক্ষতি করে।
তিনি বিগত সিটি নির্বাচন প্রসঙ্গ তুলে বলেন, আমাকে নাস্তিক বলে অপবাদ দিয়ে মজিবর রহমান সরোয়ার এমপি ও তাদের দলীয় প্রার্থী আহসান হাবিব কামাল যে অপপ্রচার চালিয়েছেন তার বিচার হওয়া উচিত। হিরন বলেন, আমি হজ্ব করেছি, নামাজ পড়ি তবুও আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাতে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে দেশের ও জাতির কল্যাণে কাজ করতে পারেন তার জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
গতকাল বরিশাল ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া-মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ ১৫ আগস্ট নিহত পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়।
