বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল বলেছেন দায়িত্ব গ্রহণের পর নগর উন্নয়ন পরিকল্পনায় প্রথমেই সাংবাদিকদের মতামত গ্রহণ করবো। নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। তিনি বিগত সিটি নির্বাচনে তার বিজয়ের পিছনে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে এ নির্বাচনে আপনারাই ছিলেন আমার মূল ভরসা। তিনি বলেন, সাংবাদিকরা নগরীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা পত্রিকায় তুলে ধরার পাশাপাশি আমাকে অবহিত করলে আমি ব্যবস্থা গ্রহণ করবো।
গতকাল বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। এছাড়াও ইফতার মাহফিলে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, সদর উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস, বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক লিটন বাশার ও সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল।
