পুনঃনির্ধারিত বেতন স্কেল স্থগিতে তীব্র ক্ষোভ, অসন্তোষ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:২২
ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের জন্য পুনঃনির্ধারিত বেতন স্কেল বাস্তবায়ন স্থগিত করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছে। অবিলম্বে পুনঃনির্ধারিত বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গত ৩ আগস্ট এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। আবুল হাসেম চকদারের সভাপতিত্বে ময়মনসিংহ শহরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বলা হয়, ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পুনঃনির্ধারিত বেতন স্কেল বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির অনুমোদন লাভের পর গত ৩০ মে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ঘোষিত গেজেট অনুযায়ী গেজেট প্রকাশের তারিখের দিন থেকেই ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের নতুন স্কেলে বেতন-ভাতা পাওয়ার কথা। কিন্তু অজ্ঞাত কারণে ভূমি মন্ত্রণালয় থেকে গত ২৫ জুলাই এক আদেশের মাধ্যমে নতুন বেতন স্কেল স্থগিত করে। উক্ত স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে নতুন স্কেল কার্যকরের জন্য সভা থেকে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।—প্রেস বিজ্ঞপ্তি