কনডেম সেলে ঈদ উদযাপন করবেন তিন জামায়াত নেতা

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২৩:০৭
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত তিন জামায়াত নেতা এবার কনডেম সেলে ঈদ পালন করবেন। গাজীপুরে কাশিমপুর কারাগার-১ এ দেলাওয়ার হুসাইন সাঈদী, কাশিমপুর কারাগার-২ এ মোহাম্মদ কামারুজ্জামান ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ঈদের দিন সাধারণ বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারই খাবেন এই তিন কনডেম সেলের বন্দী। এরপরও তাদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে ঈদের দিন ভাল খাবার গ্রহণ করতে পারবেন বলে কারাগার সূত্রে জানা গেছে। কারা অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে ৬৮টি কারাগারে প্রায় ৪৫ হাজার বন্দীর জন্য ভাল খাবার বিতরণ করা হবে। বন্দীদের জন্য কারাগারের ভিতরে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে সাড়ে ৮ হাজার বন্দীর জন্য ঈদের দিন উন্নত খাবার পরিবেশন করা হবে। এছাড়া ঈদের দিন স্বজনরা বন্দীদের ভালো খাবার দিতে পারবে। বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাত্কারের ব্যবস্থাও করা হয়েছে। ঈদ উদযাপন উপলক্ষে কারাগারে বন্দীদের নিয়ে আনন্দ উত্সব নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর ও সিলেট কেন্দ্রীয় কারাগার বন্দীদের মধ্যে ঈদ উদযাপনে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, ঈদের দিন বন্দীদের মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই সকালের নাস্তা দেয়া হবে। নাস্তা হিসেবে থাকবে মুড়ি ও পায়েস। দুপুরে আলুর দম, রুই মাছ, ডিম ও ভাত এবং রাতে পোলাও, গরু/খাসির মাংস, মিষ্টি, দই ও পান-সুপারি দেয়া হবে। সকালে ঈদের জামাত কারাগারের ভিতর যমুনা ওয়ার্ডের পাশে বাগানে এবং মেয়ে বন্দীদের জন্য মহিলা ওয়ার্ডের বারান্দায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ভিআইপি বন্দীদের মধ্যে ডিভিশনপ্রাপ্ত বন্দীরা এই ঈদের জামাতে নামাজ পড়বেন। সকাল সাড়ে ৭টা থেকে কারাগারে স্বজনরা বন্দীদের সঙ্গে সাক্ষাত্ করতে পারবেন। কারাগারে সাক্ষাতের সময় ভালো খাবার দেয়ার সুযোগ দেয়া রয়েছে স্বজনদের। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৪২ জন বন্দী রয়েছেন। এসব কনডেম সেলের আসামিরা অন্য সাধারণ বন্দীদের জন্য পরিবেশন করা খাবার গ্রহণ করবেন। তবে কারাসূত্র জানায়, ঈদের দিন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করবেন। গাজীপুর কাশিমপুর কারাগার-১ এ দেলাওয়ার হুসাইন সাঈদী নিয়ম অনুযায়ী কনডেম সেলের ভিতরেই নামাজ পড়ছেন। ঈদের দিন কারাগারের ভিতরে যে জামাত অনুষ্ঠিত হবে সেখানে তিনি অংশ নেবেন। তবে জামাতে অংশ নেয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। কারা সূত্র জানায়, দেলাওয়ার হুসাইন সাঈদীকে কারাগারের অনেক বন্দী দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদের জামাতের সময় সাঈদীকে কেন্দ্র করে কারারক্ষীরা অতিরিক্ত নজরদারি করবে। এছাড়া কাশিমপুর কারাগার-২ এ মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে গোলাম আযম ঈদ পালন করবেন।