পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক অভিনন্দন বার্তায় বলেন, গ্রীষ্মের দীর্ঘ দিবসে রোজা পালন শেষে এবং আমরা যেসব কাজ অবধারিত মনে করি এমন অনেক কিছু দূরে সরিয়ে রেখে মুসলমানরা পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হবেন আনন্দময় এ আয়োজনকে উপভোগ করতে।
তিনি সকল মুসলমানকে ঈদ মোবারক জানান। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এবং পররাষ্ট্র দপ্তরের সিনিয়র মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সী পৃথক পৃথক বাণীতে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মার্কিন রাষ্ট্রদূতের বাণী
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এক বার্তায় তার নিজের, স্ত্রী গ্রেস ও দূতাবাসের কর্মীদের পক্ষে ঈদ শুভেচ্ছা জানান। বার্তায় রাষ্ট্রদূত মজীনা বলেন, বাংলাদেশের মানুষ ও বিশ্বব্যাপী জনগোষ্ঠীর জন্য এটা বছরের একটি বিশেষ সময় যখন পরিবার ও বন্ধুগণ পবিত্র রমজান মাস ও ঈদের চেতনা-শান্তির, কৃতজ্ঞতার, প্রত্যাশার, ত্যাগের ও সহানুভূতির চেতনায় প্রতিফলনের জন্য একত্রিত হয়। আনন্দময় ঈদের সময়টি আমাদের ও আমাদের সন্তানদের জন্য আরো উজ্জ্বল একটি ভবিষ্যতের লক্ষ্য সামনে রেখে মানবজাতি হিসেবে আমাদের একত্রিত করে তোলা অনেক মহত্ বিষয়াদির প্রতিফলনের সময় হিসেবে বিবেচিত। শান্তিময় ও আনন্দঘন ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা নিয়ে আমি সকল বাংলাদেশিকে জানাই ‘ঈদ মোবারক’।
পোপ ফ্রান্সিস-এর শুভেচ্ছা
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস এক পৃথক বাণীতে মুসলমান সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানান। ঢাকায় ভ্যাটিকান দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে পোপের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শুভেচ্ছা বার্তায় পোপ ফ্রান্সিস বলেন, পবিত্র ঈদের সময় মুসলমানদের পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আনন্দ উত্সব উদযাপনের বিশেষ গুরুত্ব আছে। এই উত্সবের আয়োজনে আমি খুবই আনন্দিত।
