ইত্তেফাকের বদরগঞ্জ সংবাদদাতার পুত্রকে অপহরণ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২৩:১৬
ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী দৈনিক ইত্তেফাকের বদরগঞ্জ সংবাদদাতা আব্দুর রউফ সরকারের পুত্র আদনান হোসেনকে গতকাল বুধবার রাতে অপহরণ করে নিয়ে গেছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে সন্ত্রাসী রবিসহ অন্যান্যদের গ্রেফতারের দাবিতে পার্বতীপুর-রংপুর সড়ক অবরোধ রাখে পৌর শহরের সকল ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। অবরোধ চলাকালে সড়কের দু’পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইসতিয়াক আহমেদ ও বদরগঞ্জ থানার ওসি নুরুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। বিক্ষুব্ধ ব্যবসায়ী ও কর্মচারীরা ৭ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী রবিউল আলম রবি ও তার লোকজনদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপহূত আদনানকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে। বর্তমানে গোটা এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।