বগুড়া শহরে নিজ কক্ষে গৃহবধূ হত্যার রেশ না কাটতেই গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চেলোপাড়া এলাকায় নিজ ঘরে দুর্বৃত্তরা মারফ ইসলাম পাভেল (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। পুলিশ এ হত্যার কোনো কারণ জানাতে পারেনি। নিহত পাভেল শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র।
এলাকাবাসী জানায়, পাভেল তেমন কিছু করতো না। তার বাবার রেখে যাওয়া বাড়িঘর ভাড়া ও গাড়ি রাখার গ্যারেজ ভাড়া দিয়ে সংসার চালাতো। তার নিজ কক্ষে মাদকাসক্ত যুবকদের প্রায়শই আড্ডা হতো। প্রতিনিয়ত তার কক্ষে বিভিন্ন এলাকার তরুণ-যুবকদের আসা-যাওয়া ছিল। নিজের বাবা-মা কেউ বেঁচে নেই। সত্ মা ও তিন বোন রয়েছে। এলাকাবাসী ধারণা করছে জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে নিহত পাভেল তার ঘরে থাকা অবস্থায় কয়েকজন যুবক গিয়ে তাকে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করে। এখন পর্যন্ত এই হত্যার কোনো কারণ জানা যায়নি।
