সিলেট উইমেনস মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সককে হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয় গতকাল মঙ্গলবার দুপুর ১টায়। তিন ঘণ্টা পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টি নগরজুড়ে ব্যাপক আলোচিত হয়।
দুপুরে তাকে গ্রেফতার করা হয় বন্ধরবাজার পয়েন্ট থেকে। গ্রেফতারের সময় কোর্ট থেকে তিনি জামিন নিয়েছেন বলে জানান। অবশ্য এর স্বপক্ষে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি। তাই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানায় পুলিশ। পরে জামিনের কাগজপত্র দেখিয়ে মুক্তি পান তিনি।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, সিলেট উইমেনস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ারকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পরে কোর্ট থেকে এ মামলায় জামিন নেওয়ার কাগজ দেখালে আমরা তাকে ছেড়ে দেই।
এদিকে আন্দোলনরত চিকিত্সকরা ছাত্রলীগ নেতা সারোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করেন। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট বিভাগের সকল চিকিত্সকদের কর্মবিরতি পালন, বিশেষজ্ঞ চিকিত্সকদের বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধসহ আরো কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়।
গতকাল দুপুরে উইমেনস মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকরা সিলেট চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
