অস্ট্রেলিয়ার পেসার শন টেইটের হ্যাটট্রিকের নৈপুণ্যে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট লিগে এসেক্স ৪৭ রানে হারায় নটিংহ্যামশায়ারকে। শন টেইট গত বৃহস্পতিবার লিগের কোয়ার্টার ফাইনালের খেলায় বল হাতে এ কৃতিত্ব দেখান। টেন্টব্রিজে প্রথমে ব্যাট করে রায়ান টেন ডসেটের ৪৪ বলে তোলা ৮২ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান তোলে এসেক্স। জবাবে শন টেইটের বিধ্বংসী বোলিংয়ে ১৪০ রানেই গুঁটিয়ে যায় নটিংহ্যামশায়ার। এমনকি আরেক অস্ট্রেলিয় ডেভিড হাসির ৬১ রানের পরও বল হাতে ২৯ রানে চার উইকেট শিকার করেন তিনি। নটিংহ্যামশায়ারের ১৭তম ওভারে ডেভিড হাসি, ইয়ান বাটলার ও গ্রায়েম হোয়াইটকে পরপর তিন বলে আউট করেন ৩০ বছর বয়সী টেইট। তবে ব্যাটিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন ডসেট।
