সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয় তালা উপজেলা চত্বর

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:৫৯
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে জমে থাকা বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বর পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে সরকারি দপ্তরগুলোর কাজকর্ম অনেকাংশে শিথিল ও স্থবির হয়ে পড়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সরকারি দপ্তরগুলো সরেজমিনে ঘুরে দেখা গেছে অধিকাংশ অফিসে কর্মকর্তারা ছিলেন অনুপস্থিত। একদিকে জলাবদ্ধতায় পরিবেশহীনতা আরেকদিকে ঈদ আমেজে দপ্তরগুলোতে কর্মকর্তাসহ জনশূন্যতা বিরাজ করতে দেখা গেছে। ভুক্তভোগী এলাকাবাসী জানায়, তালা উপজেলা সদরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনাসহ বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এসব ময়লা-আবর্জনাযুক্ত পানি ভেঙ্গে জনসাধারণের যাতায়াত করতে হয়। প্রায় এক ফুট পানিতে ডুবে কৃষি অফিস, নির্বাচন অফিসসহ বেশ কয়েকটি অফিস। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, উপজেলা চত্বরের একটি অংশে জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা চলছে।