পৃথক সংঘর্ষে নিহত ১ আহত ১৮৭

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:০০
গত কয়েকদিনে ৮টি স্থানে বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষে ১ জন নিহত এবং পুলিশসহ পৌনে দুই শতাধিক লোক আহত হয়। আশংকাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ব্রাহ্মণবাড়িয়া গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দু’ গ্রামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ ১০ অর্ধ-শতাধিক লোক আহত হয়েছে। এসময় দাঙ্গাবাজরা ১৫টি বাড়িঘর, ৫টি দোকানপাট ও বেশ কয়েকটি বনের কুঞ্জে অগ্নিসংযোগ করে পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। ওই এলাকার পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা বেগম জানান, গতকাল সকালে যাত্রী উঠানো কেন্দ্র করে শহরের কালীবাড়ি মোড়ে ছয়বাড়িয়ার অটোরিক্সা চালক নায়েব মিয়াকে গোকর্ণ এলাকার অটোরিক্সা চালক জালাল মারধর করে। এর জর ধরে সকাল ১০টায় গোকর্ণ এলাকার উত্তর হাটি ও দক্ষিণ হাটি এবং মোল¬¬া বাড়ির কয়েক শতাধিক দাঙ্গাবাজ রামদা, বল¬ম, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ছয়বাড়িয়ায় গ্রামে হামলা চালায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছয়বাড়িয়ার শাহজাহান মিয়ার গোষ্ঠী ও বাবুল মিয়ার গোষ্ঠীর লোকজন জড়ো হয়ে হামলার প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ছয়বাড়িয়া ব্রীজ এলাকায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রবসহ ১০ সদস্য এবং উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এদিকে পৌর মেয়র হেলাল উদ্দিন সংঘর্ষ স্থলে পৌঁছে উভয়পক্ষকে থামানোর চেষ্টা চালালে দাঙ্গাবাজরা তার উপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩৮ রাউন্ড রাবার বুলেট ও ১৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামে বিএনপি সমর্থক দু’ দল গ্রামবাসির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ওই গ্রামে শামসুদ্দিন লস্কর ও বকুল বিশ্বাসের সামাজিক দল আছে। তারা দু’ জনই বিএনপি সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। বকুল বিশ্বাসের দল থেকে একজন শামসুদ্দিন লস্করের দলে যোগ দেয়। এ নিয়ে দু’ দলের মধ্যে বিরোধ তীব্র হয়। তার জের ধরে নামাজের পর দু’ দল ঢাল, শরকী, রামদা, লাঠিসোঁটা ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে পৃথক সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামে এবং চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে উপজেলার নুরপুর গ্রামে ক্রিকেট খেলার ঘটনাকে কেন্দ্র করে নুরপুর ও ব্রাহ্মণশাসন দু’দল গ্রামবাসির মধ্যে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে মহিলাসহ প্রায় ৪০ জন আহত হয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়াবিলা পশ্চিমপাড়া গ্রামের শনিবার জমি নিয়ে দু’ গ্রুপে সংঘর্ষে ১ জন নিহত ২ জন আহত হয়েছে। উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়াবিলা পশ্চিম পাড়া গ্রামের মোফাজ্জল ও দুলালের সাথে দীর্ঘদিন ধরে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার দুপুর ২ টার দিকে বিরোধী জমি নিয়ে উভয়গ্রুপে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে খোকন (২৩) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে খোকনের পিতা দুলাল ও ভাই রতন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপতাল ও ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট মফিজ উদ্দিন জানান, উভয় গ্রুপে ৮ কাঠা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সৈয়দপুর (নীলফামারী) নীলফামারীর সৈয়দপুরে ঈদের জামাতকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শহরের টেকনিক্যাল কলেজপাড়ায় ওই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর টেকনিক্যাল কলেজপাড়া ও হাতিখানা বানিয়াপাড়া মিলে একসঙ্গে জামাত অনুষ্ঠিত হতো বানিয়াপাড়া স্কুল মাঠে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ঈদের জামাত স্ব-স্ব মসজিদে এবার অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল কলেজপাড়ার মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠানের কথা থাকলেও জামাত শুরু হয় ৮টা ৪০ মিনিটে। মসজিদ কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী জামাত শুরুর ১৫ মিনিট পর জামাতে হাজির হয়ে মুসল্লীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তার ছেলে হারুন মোয়াজ্জেমকে কিল-ঘুষি মেরে পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। এতে করে উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। পরে মুসল্লীরা একত্রিত হয়ে তাদের বের করে দেয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট বাগেরহাটে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে পুলিশ ও আওয়ামী লীগ নেতাসহ উভয়পক্ষের অন্তত এক পুলিশ কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন। সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট মোড়ে (৩নং ওয়ার্ড) শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দু’ঘন্টাব্যাপী এ সংঘর্ষে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় আলাদা দুটি মামলা হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আড়াই শতাধিক ব্যক্তিকে আসামী করে একটি মামলা করেন। অপর মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গোটাপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফ্ফার। এ মামলায় জেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও তার দুই ভাইসহ ১১৮ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনার জন্য বিএনপি ও আওয়ামী লীগ পরস্পর পরস্পরকে দায়ী করেছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর রাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে। হবিগঞ্জে হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে ৫ পুলিশসহ আহত ২৫ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পুলিশের এসআই কাঞ্চন কুমার দেবকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত শনিবার দুপুর ১২টায় এ সংঘর্ষ বাধে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার ও প্রবাসী নাছির চৌধুরীর লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে দেশীয় অস্ত্রের পাশপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন। নাঙ্গলকোট (কুমিল্লা) কুমিল্লার নাঙ্গলকোটে শিবির পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে ১৫ জন। এসময় ৫ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদ্রা ইউপি ছাত্র শিবির শনিবার বিকালে আদ্রা ঈদগাহ মাঠে ঈদ পুনর্মিলনী সভার আয়োজন করে। এসময় থানা পুলিশ সভাস্থলে গিয়ে বাধা দিলে শিবির কর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে। এতে শিবিরের ৫ কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। শিবির কর্মীদের নিক্ষেপ করা ইট-পাটকেলে পুলিশ সদস্য আবু সালেক (৪০) ও মোহাম্মদ মহসিন মোল্লা (৪২) আহত হয়েছে। উখিয়ায় (কক্সবাজার) উখিয়ার কুতুপালং অবৈধ রোহিঙ্গা বস্তির ভাড়া নিয়ে রোহিঙ্গা ও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় গ্রামবাসীর হামলায় একজন রোহিঙ্গার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে রোহিঙ্গা বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে রোহিঙ্গাদের কাছে লাশ হস্তান্তর করেছে। এ ব্যাপারে তিনজন গ্রামবাসীকে অভিযুক্ত করে উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এস.আই. মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান। গাজীপুর গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে নির্ধারিত ইমাম পরিবর্তন করাকে কেন্দ্র করে বিশৃংখলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে। ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলায় শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে ১ জন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ১১ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ডিমলা থানায় ইয়াছিন আলী বাদী হয়ে ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এহচানুলের (৩৫) মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ বালাপাড়া (শয়তানের বাজার) গ্রামের মৃত মজেতুল্লার পুত্র ইয়াছিন আলীর সাথে একই গ্রামের মৃত তারামুদ্দিনের পুত্র সামচুল হকের ৫ দশমিক ১৩ একর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার উক্ত জমির বিষয়ে বালাপাড়া ইউপি পরিষদ রায় দেয়ার কথা থাকলেও দ্বন্দ্বের কারণে তা ভেস্তে গেছে। সকালে ইয়াছিন তার নিজস্ব ১০ শতাংশ জমিতে হাল চাষ করার সময় লাঠি, ছোরাসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সামচুলের পক্ষের লোকজন। এ সময় সেখানে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। ইয়াছিন পুত্র এহচানুলকে (৩৫) ডিমলা হাসপাতালে ভর্তি করা হলে দ্রুত রংপুর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইয়াছিনের পক্ষের আলেয়া বেগম (৪৫), জামিলা বেগম (৫০), মহেচেনা বেগম (৫০), হাসেম আলী (৫২), ইউছুব আলী (৫৫), আলম (১২) আহত হয়ে ডিমলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। সামচুল হকের পক্ষের ৫জন গ্রেফতার করে পুলিশ পাহারায় চিকিত্সা চলছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ জানায়, আটককৃতদের চিকিত্সা চলছে। মামলার নামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মহেশপুর (ঝিনাইদহ) ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুঘরি গ্রামে মামার হাতে ভাগ্নে সাইদুর রহমান রানা (২৩) খুন হয়েছে। তার বাবার নাম রইচউদ্দিন। শনিবার রাতে এ হত্যাকান্ড ঘটে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, নিহত রানার মা তার দু’বছর বয়সে স্বামী ছেড়ে অন্যত্র বিয়ে করে। এরপর সে নানা বাড়িতে বড় হয়। নানা দুলু সরদার তাকে সামান্য জমি দেয়। এতে মামা ক্ষিপ্ত হয়ে নানা-নানীকে নির্যাতন করতে শুরু করে। রানা এর প্রতিবাদ করত। শনিবার রাত ৮টার দিকে মামা আব্দুল জলিল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রানা ঘটনাস্থলে নিহত হয়। এব্যাপারে রানার বাবা রইচউদ্দিন বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বাস ষ্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদের দিন দুপুরে যুবদলের নেতাকর্মীরা ১০টি টেম্পো ভাংচুর করে। এ সময় বাধা দেয়ায় টেম্পো চালক আওলাদ, দেলোয়ার, মোহসীন, বেলায়েত হোসেনসহ ৬ জনকে পিটিয়ে আহত করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু গোলাকান্দাইলস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। এ সময় ভোলাব ও কাঞ্চন পৌর যুবদলের নেতাকর্মীরা দিপু ভুঁইয়া বাড়ি যাওয়ার পথে বাসের সাথে সংঘর্ষ হয়। এতে যুবদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়। স্থানীয় টেম্পো ষ্ট্যান্ডের চালকেরা যাত্রীবাহী বাস আটক না করায় যুবদল নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে টেম্পো চালকদের উপর হামলা চালায়। এতে ক্ষিপ্ত হয়ে টেম্পো চালকদের মারধর ও ১০টি টেম্পো ভাংচুর করে। এ ঘটনার পর গোলাকান্দাইল-কাঞ্চন, গোলাকান্দাইল-প্রভারকদী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনার দিন সন্ধ্যায় উভয়পক্ষের সমঝোতার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।