শার্শার উলাশী বাজারে চোরাচালানী পণ্য আটকের ঘটনায় মহিলা চোরাচালানীর হাতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছে। আহত বিজিবি সদস্য বেনাপোল ক্যাম্পের ল্যান্স নায়েক নাসির হোসাইন। ঘটনাস্থল থেকে সাহানারা খাতুন (৪০) নামে এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার শাহ জালাল জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য উলাশী থেকে যশোরের উদ্দ্যেশে যাচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল শার্শার উলাশী বাজার এলাকায় একটি নসিমনে থাকা কিছু মহিলা চোরাচালানীকে প্রতিরোধ করে।
এ সময় সংঘবদ্ধ মহিলা চোরাচালানীর মধ্যে সাহানারা খাতুন নামের একজন মহিলা বিজিবি’র ল্যান্স নায়েক নাসির হোসেনের ওপর বেপরোয়া ছুরিকাঘাত করে। এ সময় তার বাম হাতের ২টি আঙ্গুল মারাত্মক জখম হয়। এসময় বিজিবি সদস্যরা ৫০ হাজার টাকা মূল্যের জিরা, কিসমিসি ও লবঙ্গ আটক করে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।
