বাংলাদেশে মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ আবারও বৃদ্ধি পেয়েছে। গতকাল রবিবার দুপুর পর্যন্ত গত দুই দিনে ১০৭ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি। কক্সবাজারস্থ বিজিবির সদস্যরা তাদের আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মিয়ানমার নাগরিককে আটক করে। কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ হাসান জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে শনিবার নাইক্ষ্যংছড়ীর ঘুমধুম ও তমব্রু সীমান্তে ৮৫ জন এবং গতকাল রবিবার দুপুর দেড়টা পর্যন্ত আরও ২২ জন মিয়ানমার নাগরিক ধরা পড়ে। পরে তাদের মানবিক সাহায্য দিয়ে একই সীমান্ত পয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়। অপরদিকে টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, তার ব্যাটালিয়ানের আওতাধীন এলাকায় মাসাধিককাল ধরে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ রয়েছে।
