বঙ্গবন্ধু সেতুর ওপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ৪নং পিলারের কাছে গীতাঞ্জলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে ৫ জন নদীতে পড়ে যায়। এসময় পড়ে যাওয়া ৫ জনের মধ্যে ১ জনকে উদ্ধার করতে পারলেও বাকি ৪ জনকে উদ্ধার করা যায়নি। এছাড়াও ওই ঘটনায় আরো ৩ জন সেতুর ওপর পড়ে গুরুত্বর আহত হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মো. মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী গীতাঞ্জলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেতুর ৪নং পিলারের কাছে হঠাত্ করে হার্ড ব্রেক করলে গাড়ির ছাদের ওপর থাকা ৫ যাত্রী নদীতে পড়ে যায়। এছাড়াও সেতুর ওপর আরো ৩ জন পড়ে যায়। নদীতে পড়ে যাওয়া ৫ জনের মধ্যে নায়েব আলী (৩০) নামের একজনকে উদ্ধার করা হলেও গতকাল রবিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ৪ যাত্রী নিখোঁজ রয়েছে। সেতুর ওপর পড়ে যাওয়া ৩ যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
