বর্তমানে আম, লিচু, জাম ও কাঁঠালসহ অন্যান্য ফল বাজারে পাওয়া যাচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এ বছর বাজারে ফলের আমদানি অনেক বেশি। ফসলি জমিগুলোতে অনেকে করেছেন ফল বাগান। এছাড়াও অনাবাদী জায়গাসহ বাড়ির আশপাশ এমনকি উঠোনেও ফলগাছ লাগিয়ে সংসারে বাড়তি টাকা আয় করছেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে ফল সংরক্ষণের জন্য কোনো সুব্যবস্থা নেই। এতে প্রচুর ফল উত্পাদন হলেও সঠিকভাবে সংরক্ষণ না করায় দেশি ফলগুলো অল্পদিনের মধ্যেই সব নষ্ট হয়ে যায়। ফলে একদিকে যেমন ফল চাষিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে তেমনি ফল ক্রেতারা বাধ্য হয়েই বিদেশি ফল কিনছেন। তাই সরকারিভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ফল স্টোর রুম অথবা আধুনিক প্রযুক্তিতে ফল সংরক্ষণের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। আর এসব করতে পারলে ফল চাষিরা তাঁদের ন্যায্য মূল্য পাবেন এবং দীর্ঘ সময় ধরে ক্রেতারা মধুমাসের ফল খেতে পারবেন। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দিলরুবা রিজওয়ান দিনা,
আয়েশ, সিংড়া, নাটোর
