পিরোজপুরে যুবলীগ নেতার হাতের আঙ্গুল ও পা কেটে দিয়েছে সন্ত্রাসীরা

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:১৯
জেলার জিয়ানগরে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রবিবার আব্দুস সালাম মৃধা নামে এক যুবলীগ নেতার হাতের আঙ্গুল ও পা কেটে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সালাম লাহুরী গ্রামের হারুন মৃধার ছেলে এবং পাড়েরহাট ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সহ-সাধারণ সম্পাদক। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের ভাই আসলাম মৃধা জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে স্থানীয় হালিম শেখের সাথে দ্বন্দ্ব ছিল।গতকাল সালাম বাড়িতে ফেরার সময় সদর উপজেলার দক্ষিণ ঝনঝনিয়ায় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে চাপাতি, রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। তার দুই পা কুপিয়ে বাম পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলে।