নির্বাচন নিয়ে অনেক সংকট আছে :এরশাদ

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:২০
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, নির্বাচন নিয়ে অনেক সঙ্কট আছে। আল্লাহর কাছে দোয়া চাই-দেশে নির্বাচন হোক, শান্তি ফিরে আসুক। গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। কারণ অনেক ত্যাগের মাধ্যমে আমরা গণতন্ত্র পেয়েছি। তিনি বলেন ‘গণতন্ত্র, সংবিধান ও দেশের মানুষের শান্তির স্বার্থে সংঘাতের রাজনীতির অবসান ঘটুক। আশা করি ভবিষ্যতে আল্টিমেটলি তাই হবে।’ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিনে এরশাদ তার বনানী কার্যালয়ে দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে রাজধানীজুড়ে লাগানো বিলবোর্ড সম্পর্কে মহাজোট শরিক জাপা চেয়ারম্যান বলেন, আমি বলব-বিলবোর্ড হাইজ্যাক হয়েছে, নির্বাচনে জয়ের জন্য সরকার নিজের সাফল্য প্রচার করতে গিয়ে অন্যের বিলবোর্ড ছিনতাই করেছে। এটা সরকারের স্ট্র্যাটেজি। সরকার কেন এ কাজ করেছে, জানি না। বিলবোর্ড লাগিয়ে সরকারের কোনো সুবিধা হয়েছে বলে আমার মনে হয় না। সবাই সমালোচনা করছে। জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এসএম ফয়সল চিশতী ও চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা) প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।