মিসরে রাজনৈতিক সংকট নিরসনে এবার উদ্যোগ নিলেন দেশটির শীর্ষ ইসলামী প্রতিষ্ঠান আল-আজহারের প্রধান ইমাম শেখ আহমেদ আল-তাইয়িব। তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার আমন্ত্রণ জানাচ্ছেন। জাতীয় ভাবে একটি বৈঠকে বসার ব্যাপারে তিনি আশাবাদী। খবর বিবিসির। মোহাম্মদ মুরসিকে ক্ষতমতায় পুনর্বহালের দাবিতে গত তিন দিন রাজধানী কায়রোয় মুসলিম ব্রাদারহুড সমর্থকদের দুটি শিবিরে বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেড়েছে।
সেনা সমর্থিত অন্তর্ববর্তী সরকার জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেবে। এর ফলে ব্যাপক রক্তপাতের আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার আল-শার্ক আল-আসওয়াত পত্রিকা জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে।
গত ৩ জুলাই ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকে প্রতিবাদ বিক্ষোভে চালিয়ে যাচ্ছে মুরসির প্রধান সমর্থক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড। মুরসি বিরোধী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুরসি সমর্থকদের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছে। মিসরের সঙ্কট নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতাও ‘ব্যর্থ’ হয়েছে।
