বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, সরকারের দুর্নীতির টাকায় রাতের অন্ধকারে এই বিল বোর্ডগুলো বসানো হয়েছে। শত কোটি টাকা খরচ করে ব্যক্তি-মালিকানাধীন বিজ্ঞাপনগুলো তুলে দিয়ে সরকারের মদদপুষ্ট ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা বিলবোর্ড বসিয়েছেন। বেসরকারি খাতে ব্যবসায়ীরা যে অর্থ বিনিয়োগ করেছিলেন সেগুলোর প্রতি অবজ্ঞা করে, অনৈতিক ও বেআইনীভাবে এগুলো বসানো হয়েছে।
গত শনিবার নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বটতলায় ঈদ পুনর্মিলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মওদুদ বলেন, সরকারের দুঃশাসনের কারণেই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জনসাধারণ অনাস্থা প্রকাশ করেছে। আর এখন সরকার পরিবর্তনের আন্দোলনে মানুষ জেগে উঠেছে। এই অবস্থায় সরকার সমঝোতায় না গিয়ে যদি সংঘাতের পথ বেছে নেয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। আগামী দুই মাসের মধ্যে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি সরকার শেষ পর্যন্ত নির্দলীয় সরকারের দাবি মেনে নিবে। আর যদি তারা এই দাবি পূরণ না করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।
উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে ছাত্রদল কেন্দ ীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফজলুল কবির চৌধুরী আবেদ এবং বসুরহাট পৌরসভা সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, শিল্পপতি মফিজ উদ্দিন (তুর্কি) প্রমুখ উপস্থিত ছিলেন।
