কলকাতা নয় হাওড়া!

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:৪০
বঙ্গভঙ্গের পর ভারতের রাজধানী সরেছিল দিল্লিতে। ১০৮ বছর পর পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন মহাকরণ সরে যাচ্ছে কলকাতার পাশের জেলা হাওড়ায়। তার এই তুঘলকি সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল থেকে শুরু করে সরকারি কর্মচারীরা। বুধবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জী এই ঘোষণা দিয়ে বলেন, সংস্কারের জন্য মহাকরণ বন্ধ করা হচ্ছে। এক অক্টোবর থেকে হাওড়ার মন্দিরতলায় ১৪ তলা ভবনে চলবে মহাকরণের কাজ-কর্ম। তিনি নিজেও বসবেন ওই ভবনের ১৩ তলায়। মহাকরণ সংস্কার সম্পূর্ণ হলে ৩৫টির মধ্যে ১০টি দপ্তর ফিরবে মহাকরণে। বাকি দপ্তরগুলো যাবে হাওড়ারই ডুমুরজলায়। তবে কবে সংস্কার শেষ হবে তা এখনো ঠিক হয়নি। উল্লেখ্য, সিপাহী বিদ্রোহের পর থেকেই অবিভক্ত বাংলার প্রশাসনিক কাজ চলত মহাকরণ থেকে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বসতেন এখানে। পরে জায়গার অভাবে কয়েকটি দপ্তর কলকাতার অন্য ভবনে সরিয়ে নেয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর এই প্রথম তা সরে যাচ্ছে অন্যত্র।