জেলার শিবগঞ্জ উপজেলায় বিষাক্ত মদ পান করে ৯ জনের মৃত্যু হয়েছে। এক মহিলাসহ ৪ জন গত বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার অপর ৫ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন—পরিচ্ছন্ন কর্মী চাঁনতারা, তার স্বামী সুধীর, সফিকুল ইসলাম ও মোসারফ হোসেন, দুঃখু চন্দ্র, ঘেটু কষাই ঝড়ু, আফজাল হোসেন, দ্বীন মহাম্মদ ও লালচাঁন।
শিবগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে গত বুধবার রাতে বেশ কয়েকজন মদ পান করেন। পরে বিষক্রিয়া শুরু হলে গত বৃহস্পতিবার সকাল থেকে তারা অসুস্থ হয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, রেক্টিফাইড স্প্রিট পানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কোমল পানির বোতলে রাখা মদ খেয়ে ৩ শিশু সংজ্ঞাহীন
নীলফামারী প্রতিনিধি: জেলায় কোমল পানির বোতলে রাখা মদ খেয়ে ৩ শিশু সংজ্ঞা হারিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার টুপামারী গ্রামের পিকআপ চালক কবির হোসেন ঈদের আগের দিন রাতে তার পিকআপ বাজারের কাছে রাখে। ঈদের দিন সকালে একই গ্রামের ৩ শিশু সোহেল (১০), আশিক (১০) ও সেলিম (৯) ঐ পিকআপে উঠে গাড়ির ডালার মধ্যে রাখা কোমল পানির বোতল দেখতে পায়। পরে তারা বোতল থাকা পুরো পানি পান করে। এর কিছুক্ষণ পরেই তারা পায়খানা আর বমি করতে থাকে। এক পর্যায়ে তারা সংজ্ঞা হারিয়ে ফেলে। সূত্র জানায়, ঈদের রাতেই সেলিম আর আশিকের সংজ্ঞা ফিরলেও সোহেলের সংজ্ঞা গত শনিবার দুপুরে ফিরে।
