প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রবিবার দুপুরে শহরের পৌরবাজারস্থ বিএনপি কার্যালয়ে জেলা নেতৃবৃন্দের কাছে ধানের শীষ উপহার দিয়ে তারা আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষক, ইউনিয়ন পরিষদ সদস্য, গ্রাম্য চিকিত্সক, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা রয়েছেন। এদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান বলেন, ‘অত্যাচারী আওয়ামী লীগ সরকারের কাছে কোন মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ হিন্দুদের নিজস্ব ভোটব্যাংক মনে করলেও তারা (হিন্দুরা) এখন মুখ ফিরিয়ে নিয়েছেন।’ অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মীর সেলিম ফারুক, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রাজ কুমার, প্রহলাদ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।
