কোম্পানিগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা শিবিরকর্মী গ্রেফতার

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:৪৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা ঈমান আলীকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের পরদিন শনিবার রাতে তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্র শিবির ক্যাডাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় শিবিরের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন ওরফে ঈমান আলী স্থানীয় মেহেরুন নেছা বাজার থেকে বাড়ী ফিরছিলেন। রাস্তায় ওত পেতে থাকা কয়েকজন যুবক হঠাত্ তার গতিরোধ করে এলোপাতাড়ি বুকে ও শরীরের বিভিন্ন জায়গা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঈমান আলীর অবস্থা আশংকাজনক দেখে স্থানীয়রা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে ঈমান আলী ঘাতকদের নাম প্রকাশ করে গেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ মেহেরুন নেছা থেকে শিবির ক্যাডার রাসেলকে গ্রেফতার করেছে। এ সময় স্থানীয় শিবির কর্মীরা আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান সাজিদ জানান, ঘটনার সাথে ছাত্র শিবিরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।