নরসিংদীতে ঈদের জামাতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:৪৩
জেলার চরাঞ্চলে আলোকবালী ইউনিয়নের মুরাদনগর ঈদগাহে নামাজের আগে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ কর্মী আহত হয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈদের জামাতের খুত্বা দেয়ার সময় স্থানীয় ইমাম দেশে নাস্তিকতাবাদীদের প্রভাবের কথা উল্লেখ করে বক্তব্য দিলে মুরাদনগর গ্রামের আসাদুল্লাহ ইমাম সাহেবের মাইক নিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়। এতে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে পরিণত হলে এই হতাহতের ঘটনা ঘটে। পরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকরা উভয়পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এব্যাপারে বিএনপির আব্দুল ওহাব বাদী হয়ে আওয়ামী লীগ নেতা এডভোকেট আসাদুল্লাহসহ ১৮ জন এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপরদিকে এডভোকেট আসাদুল্লাহ বাদী হয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মেম্বারসহ ৪০ জন বিএনপি সমর্থকের নামে এবং অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছে।