বিভিন্ন প্রকল্পের কাজ না করে সরকারি ৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) অসনের এমপি গোলাম মাওলা রনিকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। দশমিনা উপজেলার দশমিনা সাকিনের মো. জামাল হোসেন বাদী হয়ে গতকাল রবিবার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন।
এই মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন দশমিনা সদর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান মো. ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়, আসামিদের মধ্যে ১ ও ২নং আসামির ক্যাডার অন্যান্য আসামিরা। তারা এলাকায় লিটন বাহিনী নামে চিহ্নিত। এরা ক্ষমতার দাপটে দশমিনা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের আদৌ কোন কাজ না করে গত সাড়ে ৪ বছরে টিআর কর্মসূচির ৬ কোটি টাকা, কাবিখার ১০ কোটি টাকা, ১২০ দিনের কর্মসূচির ১২ কোটি টাকা, ৪০ দিনের কর্মসূচির ২০ কোটি টাকা, হতদরিদ্র কর্মসূচির ৫ কোটি টাকা, জেলেদের ৩ কোটি টাকা, বিভিন্ন রাস্তা নির্মাণের ১০ কোটি টাকা, সরকারি গাছ কর্তন করে ৩ কোটি টাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেখিয়ে ১০ কোটি টাকার বেশি অত্মসাত্ করেছেন। এছাড়াও তারা আত্মসাত্ করেছেন দশমিনা কলেজ, দশমিনা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি টাকা।
আসামিদের ভয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমনকি সরকারি কর্মকর্তারা কোন কথা বলতে সাহস পাননি। এ ব্যাপারে এই মামলার বাদী গত ৪ আগস্ট তারিখে দশমিনা থানায় এবং ৫ আগস্ট তারিখে পটুয়াখালী দুর্নীতি দমন অফিসে মামলা করতে গেলে তারা মামলা গ্রহণ করেনি। এ অবস্থায় বাদী আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার প্রার্থনা করেছেন।
আদালতের ভারপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ আবু জাফর মো. নোমান তার আদেশে এই মামলার গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন।
