গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের মীরেরগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরনে সোনালী চেক লুঙ্গি এবং কালো হাফহাতা শার্ট রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, সকালে মীরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
