গল্প নয় সত্যি

শুটিং ভয়ংকর!

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ১৭:৪৩
চলচ্চিত্রকে যত বেশি সম্ভব জীবন-ঘনিষ্ঠ করে তোলাই একজন স্বার্থক চলচ্চিত্রকারের কাজ। আর এটি করতে যেয়ে অনেকেই বাস্তব ঘটনা-প্রবাহের মাঝে কাউকে কিছু বুঝতে না দিয়েই ধারণ করার চেষ্টা করেন তার চলচ্চিত্রের নানা দৃশ্য। তবে এভাবে শখ করে জীবন-ঘনিষ্ঠ আর বাস্তবের কাছাকাছি কিছু দৃশ্য ধারণ করতে যেয়ে এবার খোদ নিজেদের জীবনটাই হারাতে বসেছিল আমেরিকার লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যের গেন্ডোরা শহরের কিছু ছাত্র। পুলিশের কোনো ধরনের অনুমতি ছাড়াই স্থানীয় একটি স্টোরে মিথ্যা ডাকাতির দৃশ্য ধারণ করতে যেয়ে সত্যিকার অর্থেই পুলিশের গুলির মুখে পড়তে যাচ্ছিল এই শিক্ষার্থীরা। ঘটনার বিবরণে জানা যায়, সেদিন সকালে নিজেদের মতো করেই একটি ডাকাতির নাটক সাজিয়েছিল এই শিক্ষার্থীরা। তবে তাদের এই নাটকে বাধ সাধেন সে সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যেতে থাকা এক পথচারী। তিনি মুখে কাপড় বাধা এক যুবককে হাতে অস্ত্র নিয়ে পার্শ্ববর্তী স্টোরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত ৯১১-এ ফোন দেন। এ সময় একটু দূরে বসিয়ে রাখা ক্যামেরাটি একবারও চোখে পড়েনি তার। এদিকে অজ্ঞাতনামা ওই পথচারীর ফোন পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। তারা প্রথমে অস্ত্র ধরে রাখা শিক্ষার্থীটিকে অস্ত্র ফেলে হাত উঁচিয়ে ধরতে বললেও ঘটনার আকস্মিকতায় স্তব্ধ ওই শিক্ষার্থী তার হাতে থাকা খেলনা বন্দুকটি ধরেই রাখেন। এ সময় পুলিশের এক সদস্য যখন প্রায় গুলি ছুড়তে যাচ্ছিলেন তখনই অপর এক সদস্য কিছুটা দূরে থাকা ভিডিও ক্যামেরাটি দেখতে পান। এদিকে পুলিশের ঘোষণা শোনার পরও খেলনা বন্দুক ধরে রাখা ওই শিক্ষার্থী ভেবেছিলেন এটিও হয়তো তাদের ফিল্মেরই অংশ। এমনকি চিত্রনাট্য অনুযায়ী পুলিশের দিকে গুলি ছোড়ার মতো করে অস্ত্র তাক করার কথাও ছিল তার। তবে তার আগেই পুলিশ বিষয়টি বুঝতে পারায় এ যাত্রায় অঘোরে প্রাণ হারানো থেকে বেঁচে গেছে গেন্ডোরার ওই শিক্ষার্থী।