পাবনার মাজেদ আলী হত্যার রহস্য উদঘাটন

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২৮

 সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

পাবনা জেলার বাসিন্দা মাজেদ আলী হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- মহিউদ্দিন বুলু, সুলতান মাহমুদ বাবু ও মাঝি সোহেল। উন্মোচিত হয়েছে হত্যার রহস্য। গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের আদমজীর র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ অধিনায়ক লেঃ কর্নেল কাজী শমসের উদ্দিন এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানান। 

র্যাব জানায়, পাবনা জেলার মাজেদ আলী ও তার স্ত্রী নাজমা বেগমকে বিদেশে পাঠানোর কথা বলে মুন্সিগঞ্জের গজারিয়ার আদম বেপারী মহিউদ্দিন বুলু ২ লাখ টাকা নেয়। পরে মহিউদ্দিন বুলু তাদেরকে গত ১০ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লার টাগারপাড় এলাকায় এনে একটি ভাড়া বাসায় রাখে। ঐদিন মহিউদ্দিন বুলু ঘুরে আসার কথা বলে বাসা থেকে মাজেদ আলীকে ডেকে নিয়ে যায়। রাতে মহিউদ্দিন বুলু একা বাসায় ফিরলে স্ত্রী নাজমা স্বামী মাজেদ আলীর কথা জানতে চায়। এসময় নাজমা স্বামীর জন্য কান্নাকাটি করতে থাকলে কৌশলে মহিউদ্দিন বুলু পালিয়ে যায়। ঘটনাটি র্যাব-১১ তে জানানো হলে র্যাব গত ৮ এপ্রিল ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে মহিউদ্দিন বুলুকে গ্রেফতার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে নৌকার মাঝি সোহেলের নাম আসে। এরপর গত ১০ মে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে নৌকার মাঝি সোহেলকে আটক ও তার নৌকাটি জব্দ করা হয়। সোহেল র্যাবকে জানায়, গত ১০ মার্চ মহিউদ্দিন বুলু, সুলতান মাহমুদ বাবু ও মাজেদ আলী এক হাজার টাকায় নৌকা ভাড়া করে ঘুরতে বের হয়। নৌকায় ঘুরার পর মহিউদ্দিন বুলু ও সুলতান মাহমুদ সন্ধ্যায় মাজেদ আলীকে নৌকার ছাউনির ভিতর নিয়ে মারধর ও গলাটিপে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। র্যাব আরো জানায়, অপর আসামি সুলতান মাহমুদ বাবুকে গতকাল মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।