শেয়ারবাজারে ঈদের আমেজ এখনও কাটেনি। গতকাল সোমবার প্রথম লেনদেনের দিন ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল খুবই কম। লেনদেনও হয়েছে কম। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে মাত্র ১৬২ কোটি টাকা। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। ব্রোকারেজ হাউস কর্মকর্তারা বলছেন, বিনিয়োগকারীদের অনেকেই এখনও গ্রামের বাড়ি থেকে ফেরেননি। তাছাড়া ঈদের আমেজ এখনও শেষ হয়নি। ফলে লেনদেন কম হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে লেনদেন বাড়তে পারে বলে তারা আশা প্রকাশ করেন।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ঈদের আমেজ এখনও রয়েছে। ফলে ঈদের পর প্রথম কার্যদিবস হিসেবে অনেক বিনিয়োগকারীই লেনদেন করেননি। তবে সামনে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে এমন শঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে। ফলে লাভজনক বিবেচনা করে কিছু কিছু কোম্পানির শেয়ার কেউ কেউ পোর্টফোলিওতে জমা করছেন। এদিকে গতকাল বাজারে যে লেনদেন হয়েছে তা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৫২ কোটি ৯০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।
এদিকে চামড়া খাতের এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এজন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৭ আগস্ট। সমাপ্ত অর্থ বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ দশমিক ৪৪ টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৬ দশমিক ৫৭ টাকা। আর এপেক্স ফুড কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
