আর্থিক প্রতিষ্ঠানের গ্রীন ব্যাংকিং নীতিমালা ঘোষণা

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২০:০৫
ব্যাংকের পরে এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) জন্যও সবুজ (গ্রিন) ব্যাংকিং নীতিমালা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। তিন ধাপে ২০১৫ সালের জুন নাগাদ এই নীতিমালা বাস্তবায়ন করা হবে। রবিবার এক সার্কুলারের মাধ্যমে এ নীতিমালার প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্ট। সার্কুলারে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা এখন একটি বড় ইস্যু। দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে সুবজ অর্থায়নের অংশ হিসেবে সবুজ ব্যাংকিং পরিবেশ রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখছে। এতে আরো বলা হয়েছে, পরিবেশের প্রতি দায়বদ্ধতা দেখালে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজেদের মানও উন্নত হবে। পাশাপাশি ব্যবসার মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়িত্বশীল আচরণ প্রকাশ পাবে। সবুজ ব্যাংকিং নীতিমালা বাস্তবায়ন হবে তিনটি ধাপে। প্রথম ধাপে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের জন্য পরিবেশসম্মত একটি নীতিমালা তৈরি করবে। এই ধাপের কাজ শেষ হবে ২০১৪ সালের জুন মাস নাগাদ। দ্বিতীয় ধাপে খাতভিত্তিক অর্থায়ন, সবুজ শাখা স্থাপন, প্রতিষ্ঠানের পরিবেশ ব্যবস্থাপনার মানোন্নয়নসহ বেশ কিছু কাজ করবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই ধাপের জন্য গৃহীত নীতিমালা বাস্তবায়নের কাজ শেষ হবে ২০১৪ সালের ডিসেম্বর নাগাদ। তৃতীয় ধাপে আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশসম্মত অর্থায়নের জন্য অভিনব সেবাপণ্য উদ্ভাবন করবে। এই ধাপে মানসম্মত পরিবেশগত প্রতিবেদন ও এ কাজের সত্যায়ন অন্তর্ভুক্ত থাকবে। ২০১৫ সালের জুন মাস নাগাদ এই ধাপের বাস্তবায়নের কাজ শেষ হবে। ত্রৈমাসিক ভিত্তিতে সুবজ ব্যাংকিংয়ের প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্টে পাঠাতে হবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। আগামী সেপ্টেম্বর ত্রৈমাসিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রথম প্রতিবেদন পাঠাতে হবে।