সম্পদ ক্রয়ে ব্যাংকের উপর আবারো নিষেধাজ্ঞা

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২০:০৫
যেসব ব্যাংকের মোট সম্পদ পরিমাণ পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের সমান বা বেশি রয়েছে সেসব ব্যাংক নতুন করে কোন সম্পদ কিনতে পারবে না। ব্যাংকগুলোর উপর এ নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে দুইবার এ ধরনের প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গতকাল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোর স্থাবর সম্পদ ধারণ বা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জারি করা নির্দেশনার পাশাপাশি ব্যাংকগুলোর দায় সম্পদ ব্যবস্থাপনা জোরদার করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে জানানো যাচ্ছে যে, ব্যাংকের ধারণকৃত স্থাবর বা স্থায়ী সম্পদের মোট পরিমাণ ওই ব্যাংকের পরিশোধিত মূলধনের ৩০ ভাগের বেশি হবে না। ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে যে, ইতিমধ্যে যে সকল ব্যাংক তাদের স্থায়ী সম্পদের মোট পরিমাণ ব্যাংকটির পরিশোধিত মূলধনের শতকরা ৩০ ভাগের বেশি রয়েছে সেসব ব্যাংক আনুপাতিক হারে তার পরিশোধিত মূলধনের পরিমাণ বেড়ে যাওয়ার আগে নতুন করে কোন প্রকার সম্পদ ক্রয় করতে পারবে না। এ নির্দেশনা অচিরেই ব্যাংকগুলোকে মানার ব্যাপারেও তাগাদা দিয়েছে ব্যাংকগুলোর এ নিয়ন্ত্রক সংস্থা ।