চিরনিদ্রায় শায়িত কবি হায়াত্ সাইফ

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২৮

ইত্তেফাক রিপোর্ট

শ্রদ্ধা নিবেদন শেষে চিরনিদ্রায় শায়িত হলেন কবি হায়াত্ সাইফ। গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির বটমূলে কবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পরে কবির দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে নগরীর স্কাউট ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জোহর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে কবির মরদেহ মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

গত সোমবার রাতে ঢাকার ইউনাউটেট হাসপাতালে ইন্তেকাল করেন ষাট দশকের এই বিশিষ্ট কবি।

কবিকে শেষ শ্রদ্ধা জানান, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী,  নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীন আখতার, লোকগবেষক শামসুজ্জামান খান, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

আগামী ২০ মে সকাল ১১টায় বাংলা একাডেমির উদ্যোগে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি হায়াত্ সাইফের প্রয়াণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।