টেকনাফে চট্টগ্রামের শিবির নেতা সরওয়ার আটক

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৪০
টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে চ্ট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের সাংস্কৃতিক সম্পাদক সরওয়ার আলমকে (২৮) আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি টেকনাফ হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার গুরা মিয়ার পুত্র। পুলিশ জানায়, ১১ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার কেকেপাড়া সওর এর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় সন্ত্রাস ও নাশকতা, রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা ও সাঈদী মুক্তি পরিষদ ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের অভিযোগে মামলা হয়। আটক শিবির নেতাকে রবিবার সকালে কক্সবাজার সদর থানায় প্রেরণ করা হয়।