রেলওয়ের ৪টি হাসপাতাল মেডিক্যাল কলেজ হচ্ছে

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৪৭
নীলফামারীর সৈয়দপুরসহ দেশের ৪টি রেলওয়ে হাসপাতালকে মেডিক্যাল কলেজ করা হচ্ছে। রেলওয়ের অব্যবহূত জমিতে নার্সিং ইন্সটিটিউট নির্মাণ ছাড়াও রেল হাসপাতালকে ২শ’ ৫০ শয্যায় উন্নীত করা হবে। এগুলো হচ্ছে সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল, পাকশী রেলওয়ে হাসপাতাল, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও ঢাকার কমলাপুর রেলওয়ে হাসপাতাল। এ প্রকল্প বাস্তবায়নে ৩ হাজার ৬শ’ কোটি টাকা প্রয়োজন পড়বে। সূত্র জানায়, সরকারের রাজস্ব্ব অর্থায়নে এতবড় প্রকল্পের অর্থায়ন কষ্টসাধ্য উল্লেখ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। রেলওয়ে হাসপাতালগুলোতে মেডিক্যাল কলেজ নির্মাণ করা হলে রেলওয়ে কর্মচারী ও সাধারণ মানুষের ছেলে-মেয়েরা চিকিত্সা বিজ্ঞানে লেখাপড়ার পাশাপাশি হাসপাতাল থেকে সুচিকিত্সা নিতে পারবে। অব্যবহূত জমিতে নার্সিং ইন্সটিটিউট হলে সাধারণ মানুষ নার্সিং ইন্সটিটিউট থেকে শিক্ষা লাভসহ নার্সিং সেবা গ্রহণ করতে পারবে। রেলওয়ে হাসপাতালগুলো শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এ প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে। সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে সংলগ্ন অব্যবহূত হাসপাতালকে আধুনিকায়ন করে আড়াইশ’ শয্যায় উন্নীত করতে ৬শ’ কোটি টাকার প্রয়োজন পড়বে।