গৌরনদী পৌরসভার ঈদের চাল গুদামে

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২১:৪৮
ঈদ শেষ হওয়ার পরও এ উপলক্ষে বরিশালের গৌরনদী পৌরসভার হতদরিদ্র পরিবারগুলোর জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ প্রকল্পের চাল সরকারি গোডাউনেই পড়ে রয়েছে। এসব চাল বিতরণের শেষ সময়সীমার মধ্যে বিতরণ না করায় এবার দরিদ্র পরিবারগুলোর মধ্যে অনেকটাই হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে খাদ্য গুদামের কর্মকর্তা শহিদুল ইসলাম শাহীন জানান, চাল বিতরণের শেষ সময়সীমা ছিল ঈদের আগেরদিন বৃহস্পতিবার পর্যন্ত। ওইদিন পৌরসভা ৩৪ টন চাল উত্তোলন করে। খাদ্য গুদাম ছাড়াও পৌরসভার নিজস্ব গুদামে এখনও প্রচুর পরিমাণ চাল রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কবিরউদ্দিন জানান, পৌরসভার হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের বিষয়টি পৌর মেয়রের অধীনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী জানান, খাদ্য গুদাম থেকে ১২ টন চাল এখনো বিতরণ করা হয়নি। পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরে আলম খান বাবুল জানান, চাল বিতরণে ব্যাপক অনিয়ম রয়েছে। এ ব্যাপারে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান বলেন, ভিজিএফের বিশেষ বরাদ্দের চাল কিছু বিতরণ করা হয়েছে, বাকি চালও বিতরণ করা হবে। তালিকা তৈরিকরণ ও পরিবহন সমস্যার কারণে যথাসময়ে চাল বিতরণ শেষ করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লে¬খ করেন।