চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের বাঁশখালীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোরে মোহাম্মদ ফয়জুল্লাহ নামের ওই মাদ্রাসা শিক্ষককে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মনকির চরের মইন্যাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭-এর চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, ২৪ এপ্রিল রাতে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল গ্রামের একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে শিক্ষক ফয়জুল্লাহ। প্রতিদিনের মতো ওই দিন সন্ধ্যায় ছাত্রীটি গ্রামের কয়েকজন ছেলেমেয়েসহ মাদ্রাসায় ফয়জুল্লাহর কাছে প্রাইভেট পড়তে যায়। অন্যান্য ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে মেয়েটির সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে বলে বসিয়ে রাখে ফয়জুল্লাহ। সবাই চলে যাওয়ার পর মেয়েটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করে সে। মেয়েটি বাড়িতে না যাওয়ায় মা-চাচিসহ কয়েকজন আত্মীয় তাকে খুঁজতে মাদ্রাসায় যায়। বাড়ির সবাইকে দেখে তাদের সবকিছু খুলে বলে মেয়েটি। ফয়জুল্লাহ এই ঘটনার পর গ্রাম থেকে পালিয়ে যায়।
