বাবুগঞ্জের চাদপাশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মশিউর রহমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনার পর স্ত্রী ও দু’সন্তানের নিরাপত্তা চেয়ে কোতয়ালী মডেল থানায় জিডি করেছেন অধ্যক্ষ মশিউর রহমান। তিনি নগরীর বগুড়া রোডে স্ব-পরিবারে বসবাস করেন।
জিডিতে মশিউর রহমান উল্লেখ করেন, তার স্ত্রী সাবিহা নাছরিন একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। গত ৫ আগস্ট তার স্ত্রী’র মোবাইল ফোনে অপর একটি গ্রামীণ ফোনের নম্বর থেকে এসএমএস আসে। তাতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা প্রদান না করলে তাদের ১০ বছর ও ৭ বছরের দু’সন্তানকে অপহরণ করে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
অধ্যক্ষ মশিউর রহমান জানান, ঐ এসএমএস পাওয়ার পর থেকে তিনি তার দু’সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতার মাঝে রয়েছেন।
বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া ইত্তেফাককে জানান, কোন সংঘবদ্ধ চক্র নাকি তার পূর্ব শত্রুতার জের ধরে এ এসএমএস পাঠানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
